বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ আদেশ পেলেন যাঁরা
চাকরি-বাকরি প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ‘সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা’ পদে শিক্ষানবিশ হিসেবে অস্থায়ী ভিত্তিতে ৬৬ জনকে নিয়োগের আদেশ দিয়েছে। প্রতিযোগিতামূলক নৈর্ব্যক্তিক পরীক্ষা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং বিআরডিবির ১ নম্বর নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশে দশম গ্রেডে এসব প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ আদেশ পাওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৫ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল হবে।
জেলা সিভিল সার্জনের কাছ থেকে নিজ খরচে বিআরডিবির ‘সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা’ পদে কর্মক্ষম মর্মে স্বাস্থ্য সনদ ও ডোপ টেস্ট সনদ যোগদানপত্রের সঙ্গে দাখিল করতে হবে। স্বাস্থ্য সনদ সন্তোষজনক না হলে চাকরিতে যোগদানপত্র গ্রহণ করা হবে না।
চাকরিতে যোগদানের পর থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষানবিশকালে আচরণ ও কর্মকাণ্ড সন্তোষজনক বিবেচিত হলে প্রথম বার্ষিক বেতন বৃদ্ধি মঞ্জুর এবং চাকরিতে স্থায়ী বা নিয়মিতকরণ করা যাবে; শিক্ষানবিশকালে শৃঙ্খলাজনিত কোনো অপরাধ প্রমাণিত হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে।











